চট্টগ্রামের খুলশী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। ১৮টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযানের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সমালোচনার মুখে পড়েন তিনি।
এর আগে গত ৭ অক্টোবর আবদুর রহিমকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে নগর স্পেশাল ব্রাঞ্চে (সিটিএসবি) সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে তাকে খুলনায় বদলির নির্দেশনা দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়পত্র না নিলে তিনি তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
সিটি করপোরেশন কার্যালয়ে এক পরোয়ানাভুক্ত আসামির অবস্থানের খবরে খুলশী থানা পুলিশের অভিযান চালানোকে কেন্দ্র করে মেয়রের সঙ্গে ওসির বিতর্কের সৃষ্টি হয়। ঐ ঘটনার পর মেয়র ওসির ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। মেয়রের বক্তব্যের পরপরই ওসির বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।


























