সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহিন ওই উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। পেশায় দিনমজুর শাহিনের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তে ১৩২৮ নম্বর পিলারের কাছে শাহিনের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সীমান্ত অতিক্রমের সময় গুলির ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে এবং ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


























