পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দীর্ঘ লংমার্চ বা অন্য কোনো উপায়ে সরকারকে চাপের মুখে ফেলার চেষ্টা করলেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কোনো ধরনের ছাড় পাবেন না। ইসলামাবাদে পার্লামেন্ট ভবনে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
খাজা আসিফ জোর দিয়ে বলেন, বর্তমান সরকার কোনো ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না। একই সঙ্গে তিনি পিটিআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, দলটি নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং দেশের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, লংমার্চের মাধ্যমে সরকারকে ব্ল্যাকমেইল করা সম্ভব—এমন ধারণা সম্পূর্ণ অবাস্তব। প্রতি দুই-তিন মাস পরপর ইসলামাবাদে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা পিটিআইয়ের অভ্যাসে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা যদি ব্ল্যাকমেইলের পথ বেছে নেয়, তবে ইমরান খানের জন্য ভবিষ্যতে কোনো নমনীয়তা দেখানো হবে না। চাপের মুখে সরকার তাদের কোনো দাবিই মানবে না। পরিশেষে তিনি পিটিআইকে সব ধরনের সংঘাতের পথ পরিহার করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।























