রাজধানীর রমনা থানার মিন্টো রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খেয়ে সানোয়ার হোসেন (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ারের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার সলঙ্গা গ্রামে এবং তার বাবার নাম আবদুল করিম।
প্রত্যক্ষদর্শী ও তৌহিদ নামের এক পথচারী জানান, রাতে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের আইল্যান্ডে আঘাত করে। এতে গাড়িটির কাচ ভেঙে চালক সানোয়ারের মাথায় মারাত্মক জখম হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটির বিষয়ে রমনা থানাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


























