উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ইংল্যান্ড। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে স্পেন। অন্যদিকে, অধিনায়ক হ্যারি কেইনের রেকর্ড গড়ার রাতে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
ক্রোয়েশিয়ার মাঠে ম্যাচের ১৭ মিনিটে ইভান পেরিসিচের হেডে পিছিয়ে পড়েছিল স্পেন। তবে ৬১ মিনিটে বদলি হিসেবে নেমে স্প্যানিশদের সমতায় ফেরান মিকেল মেরিনো। এরপর ম্যাচের শেষ মুহূর্তে (৮৯ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ৪২ ম্যাচে নিয়ে গেল স্পেন।
এদিকে ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে ইংলিশদের কোচ টমাস টুখেল দেশের ইতিহাসে সবচেয়ে কম ২৬ ম্যাচে ২০টি জয়ের মাইলফলক স্পর্শ করলেন। ম্যাচের ২৭ মিনিটে ভ্লাদিমির কৌফালের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
তবে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন অধিনায়ক হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৫তম ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনকে স্পর্শ করার রাতে জোড়া গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে প্রথম গোলের পর ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় ও আন্তর্জাতিক ক্যারিয়ারের ৯১তম গোলটি করেন কেইন। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে থ্রি লায়ন্সরা।


























