টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। গত বুধবার দুপুরের দিকে মাত্র কয়েক মিনিটের ঝড়ে উপজেলার পাহাড়ি অঞ্চলের শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বেশ কয়েকটি এলাকায় কলা, আনারস, পেঁপে ও সবজির বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশেষ করে কলাগাছ ভেঙে ও উপড়ে পড়ায় শত শত চাষি চরম বিপাকে পড়েছেন।
মধুপুর উপজেলা কৃষি অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আকস্মিক এই ঝড়ে ওইসব এলাকায় প্রায় ২৭ হেক্টর কলা এবং ২৬ হেক্টর পেঁপের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আনারস ও অন্যান্য সবজি বাগানের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজও চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম জানান, প্রাথমিকভাবে শোলাকুড়ী, ফুলবাগচালাসহ কয়েকটি এলাকায় বড় ধরনের ক্ষতির খবর পাওয়া গেছে এবং মাঠপর্যায়ে জরিপ চালিয়ে চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে।
স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও ধারদেনা করে বিনিয়োগ করা ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এই দুর্যোগ তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিরা এই সংকট কাটিয়ে উঠতে সরকারের দ্রুত সহায়তা এবং কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।


























