হরমুজ প্রণালি নিয়ে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে নিউইয়র্কে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও ইরানের তিনজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে দেশটির পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধান চায়। ওয়াশিংটন কেবল হরমুজ প্রণালি নিয়ে কোনো সাময়িক বা অন্তর্বর্তীকালীন সমঝোতা করতে ইচ্ছুক নয়।
অন্যদিকে, ইরান সাত দিনের একটি সমঝোতার প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করবে এবং ইরানের অবরুদ্ধ তহবিল অবমুক্ত করবে। এরপর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে। তবে ইরানের এই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।























