বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতন সইতে না পেরে ভিডিও কলে স্বামীকে রেখে বিষপানে ঝুমুর খানম সেতু (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুমূর্ষু অবস্থায় ঝুমুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে পাঁচ বছর আগে উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ের সঙ্গে গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার বাসিন্দা মৃত হারুন কাজীর ছেলে কুয়েত প্রবাসী শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের বিয়ে হয়। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের বাবা আব্দুল করিম খানের অভিযোগ, বিয়ের পর থেকেই জামাতা শাহারিয়া, তার মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া এবং নাজমিনের স্বামী সাইদুল হাওলাদার বিভিন্ন সময় ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছিলেন। নির্যাতনের একপর্যায়ে ঝুমুরকে তার সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দিলে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন।
পরিবারের দাবি, ঘটনার রাতে কুয়েত থেকে শাহারিয়া ভিডিও কল দিয়ে ঝুমুরকে গালিগালাজ করেন এবং বিষপানে আত্মহত্যার কথা বলেন। এই অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সবার অজান্তে ঝুমুর বিষপান করেন। এ বিষয়ে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


























