মফস্বলে কর্মরত সাংবাদিকদের সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত উল্লেখ করে তাদের জন্য দ্রুত নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুল রহমান শাহীন। সোমবার সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অভিনথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) সভাপতি মো. বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নূর।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল রহমান শাহীন বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে সাংবাদিকদের ভূমিকা ছিল অগ্রণী। তবে ৫ আগস্টের পর সাংবাদিকদের প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলের ভূমিকা সন্তোষজনক মনে হচ্ছে না। তাড়াহুড়ো না করে সাংবাদিকবান্ধব আইন প্রণয়ন এবং সিকিউরিটি আইন বাস্তবায়নের ক্ষেত্রে আরও চিন্তাভাবনা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মুকতাবিস-উন নূর বলেন, মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রের প্রাণশক্তি। তাদের অবহেলিত রেখে বা অধিকারবঞ্চিত করে কোনো উন্নয়ন সম্ভব নয়। সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় বিএফইউজে সবসময় পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। সমাবেশে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা বক্তব্য দেন।


























