রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হুমকি পাওয়ার পর থেকে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইমেইলে একটি হুমকিবার্তা পাঠানো হয়। সেখানে মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণহারে বোমা হামলার হুমকি দিয়ে বলা হয়েছে, ‘মনে রাখবেন, যা ঘটতে যাচ্ছে তা আপনাদের কেউই ঠেকাতে পারবেন না।’ অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিউস ফাহমিদ জানান, তারা একটি অজ্ঞাত উৎস থেকে ইমেইলটি পেয়েছেন এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।


























