ডেঙ্গুর প্রকোপ রোধ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৬ আসনে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন পরিষ্কার করা হয়।
এদিন সূত্রাপুর থানার ৪৩ নম্বর ওয়ার্ড এবং কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজে উপস্থিত থেকে ড্রেন ও সড়কের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে অংশ নেন।
এলাকায় যাতে ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরি হতে না পারে, সে জন্য নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। ঢাকা-৬ আসনের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


























