দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ ল্যাবরেটরি’ (বিইপিআরএল) উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগে এই গবেষণাগারটি প্রতিষ্ঠা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গবেষণাগারটি দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শুধু একাডেমিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের শিল্প, কৃষি ও পরিবহনসহ বিভিন্ন খাতে জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়াতে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। এছাড়া বুয়েটের ইইই অনুষদের ডিন ড. মোহাম্মদ কামরুল হাসান এবং ইইই বিভাগের প্রধান ও বিইপিআরএলের পরিচালক ড. শরীফ মোহাম্মদ মমিনুজ্জামানসহ সংশ্লিষ্ট গবেষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই ল্যাবরেটরিটি দেশের গবেষকদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে এর মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবমুখী প্রযুক্তি ও পেটেন্টে রূপান্তর করা সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


























