রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়ক এবং পার্কের আশপাশের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান শেষে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, উচ্ছেদকৃত স্থানগুলো যাতে পুনরায় দখল না হয়, সে জন্য স্থানীয়ভাবে নিয়মিত নজরদারি রাখা হবে। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ফুটপাত ও সড়ক সব সময় দখলমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


























