ময়মনসিংহের ফুলপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামে নিজ বাড়িতে ওই নবজাতকের জন্ম হয়। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, স্থানীয় এক যুবকের যৌন নির্যাতনের শিকার হয়ে তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন।
ভুক্তভোগী জানান, একই গ্রামের হাফেজ রনি তালুকদার তাকে প্রথমবার জোরপূর্বক নির্যাতন করেন এবং কৌশলে সেই ঘটনার ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তার ওপর নির্যাতন চালানো হয়। ভুক্তভোগীর দাবি, নবজাতক শিশুটির বাবা ঠাকুরবাখাই গ্রামের ফখরুল তালুকদারের ছেলে রনি তালুকদার। তিনি অবিলম্বে এই সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও ন্যায়বিচার দাবি করেছেন।
অভিযুক্ত রনি তালুকদার বিবাহিত এবং তার নিজস্ব সন্তান রয়েছে। তিনি ঢাকার একটি মাদরাসায় কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে রনি তালুকদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তবে ডিএনএ পরীক্ষায় যদি প্রমাণিত হয় যে শিশুটি তার, তবে তিনি যেকোনো আইনি ব্যবস্থা মেনে নেবেন বলে জানান।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় আসার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


























