নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের বিষয় বিবেচনা করে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের কৌশল নির্ধারণ করা প্রয়োজন। নারীদের বাদ দিয়ে গণতন্ত্র কখনো সুসংহত ও গ্রহণযোগ্য হবে না।
সোমবার (৫ অক্টোবর) সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি ভোটের মাঠে নারীদের অংশগ্রহণে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মশালায় বক্তব্য দেন অন্য নির্বাচন কমিশনাররাও। কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গত সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকাটা দুঃখজনক। কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নারীদের পর্যাপ্ত মনোনয়ন দেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সদ্বিচ্ছার ওপর নির্ভর করে বলে জানান। এছাড়া কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্পষ্ট করেন যে, আইন ও সংবিধান মেনে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই কমিশনের প্রধান লক্ষ্য।


























