যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ একটি ছবি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শনিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্প আয়োজিত নৈশভোজ ও সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যোগ দেন। পরবর্তীতে হোয়াইট হাউস থেকে পাঠানো ছবিটি প্রধানমন্ত্রীর দপ্তর প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াতে শুরু করে।
প্রেস নোটে আরও উল্লেখ করা হয়, আসল ছবিটিকে ভুয়া প্রমাণের অপচেষ্টায় কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যঙ্গাত্মক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিকে সামনে আনা হচ্ছে। অথচ আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিবেদনে ওই ছবিটি আগেই এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত হয়েছে। মূলত সেই ভিত্তিহীন ছবি ব্যবহার করেই প্রধানমন্ত্রীর অংশগ্রহণের প্রকৃত ছবিকে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে।


























