লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চুরির অভিযোগে শান্ত মজুমদার (১৭) নামের এক কিশোরকে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন দিঘলদি গ্রামের রাকিব হোসেন ও কাইয়ুম। পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরির সন্দেহে ওই কিশোরকে আটক করার পর তার ভাই অন্তর মজুমদারসহ কয়েকজন যুবক তাকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করেন।
মারধরের শিকার কিশোর দাবি করেছে যে সে চুরির সঙ্গে জড়িত নয় এবং বিনা অপরাধে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই ভিডিও ছড়ানো হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ভিডিওটি নজরে আসার পর দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


























