চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো সফলভাবে ভ্যানিলা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন সদর উপজেলার বেগমপুর কলোনিপাড়ার উদ্যোক্তা হুমায়ুন কবীর ফরাজী। দীর্ঘ চার বছর নিবিড় পরিচর্যার পর তাঁর খামারের ভ্যানিলা গাছে ফুল ও ফল এসেছে। ‘নিউ কামাল এগ্রো’ নামের এই খামারে এখন শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ভ্যানিলা বাগান।
জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই খামারে ডেইরি ও পশুপালনের পাশাপাশি ১০ কাঠা জমি নেট দিয়ে ঘিরে ভ্যানিলা চাষ করা হয়েছে। পিলারে লতায়-পাতায় ঝুলন্ত প্রতিটি গাছে ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা ভ্যানিলা ফল ধরেছে। কারওয়ান বাজারে ফলের ব্যবসার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এবং পার্শ্ববর্তী দেশ থেকে চারা সংগ্রহ ও পদ্ধতি শিখে তিনি ২০২২ সালে এই উদ্যোগ শুরু করেন।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার জানান, হুমায়ুন কবীর ফরাজীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই বাগান থেকে ভ্যানিলা সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


























