চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল আফনান হাসান ইমরানকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের খবরকে ‘গুজব’ ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দলটির স্থানীয় নেতারা। তারা স্পষ্ট জানিয়েছেন, আফনানকে বহিষ্কারের বিষয়ে জামায়াতে ইসলামী কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নেয়নি।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতাকে বহিষ্কারের সংবাদ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করে এবং এর ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্রদল মিছিলও করে। তবে জামায়াত নেতারা এই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রতিবাদ জানান। মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির বলেন, ‘আমার সঙ্গে কথা না বলে আমার বক্তব্য দিয়ে নিউজ করা হয়েছে। জামায়াত এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।’
তিনি আরও জানান, ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের নির্বাচিত স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার জামায়াতের নেই। ছাত্রশিবির নিজস্ব জনশক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়। পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিনও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আফনান ছাত্রশিবিরের দায়িত্বশীল এবং এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সঠিক তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান এই জামায়াত নেতারা। অন্যদিকে আফনান হাসান ইমরানও নিজেকে ছাত্রশিবিরের দায়িত্বশীল হিসেবে পরিচয় দিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।


























