রংপুরের কাউনিয়ায় সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠির আশানুরূপ দাম পাওয়ায় দারুণ খুশি স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে হাট-বাজারে প্রতি মণ তোষা ও দেশি পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি প্রতি দোন (২৪ শতক) জমির পাটকাঠি ১০ থেকে ১৫ হাজার টাকায় এবং প্রতি ১০০ আটি পাটকাঠি ৭০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় বাজার ঘুরে জানা গেছে, মৌসুমের শুরুতে পাটের দাম কিছুটা কম থাকলেও পাটকাঠির চড়া দাম সেই ক্ষতি পুষিয়ে দিতে বড় ভূমিকা রাখছে। ফলে পাটকাঠি এখন কৃষকদের জন্য বাড়তি আয়ের একটি বড় উৎসে পরিণত হয়েছে। কৃষকরাও ভবিষ্যতের চাহিদা মেটাতে অত্যন্ত যত্নের সঙ্গে পাটকাঠি সংরক্ষণ করছেন।
ব্যবসায়ীরা জানান, জ্বালানি ছাড়াও গ্রামীণ বিভিন্ন শিল্পে পাটকাঠির ব্যাপক চাহিদা রয়েছে। এমনকি চারকোল ও পারটেক্স কারখানার প্রতিনিধিরা সরাসরি কৃষকদের কাছ থেকে পাটকাঠি কিনে নেওয়ায় এর বাণিজ্যিক গুরুত্বও বহুগুণ বেড়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই অঞ্চলে ৭৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে ৮৬৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকা এবং পাট ও পাটকাঠির বাজারদর ভালো পাওয়ায় আগামীতে কৃষকদের মাঝে পাট চাষের আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।


























