কুমিল্লা নগরীর নোয়াগাঁও চৌমুহনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক নান্টু আহত হয়েছেন। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালক ছাড়া আর কোনো যাত্রী বা রোগী ছিলেন না।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর নিশ্চিত করেছেন।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস জাঙ্গালিয়া রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় অ্যাম্বুলেন্সটি রেলক্রসিং পার হচ্ছিল। ঠিক তখনই চলন্ত ট্রেনের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি ছিটকে রেললাইনের পাশে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় চালক নান্টু সিট থেকে ছিটকে পড়ে আহত হন। পরবর্তীতে তিনি নিজেই উঠে একটি অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে। তার বাবার নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সংবাদ পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহরাব হোসেন ঘটনাস্থলে পৌঁছান। তিনি রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের ভাঙা অংশ সরিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করেন। এরপর সুবর্ণ এক্সপ্রেস স্বাভাবিক গতিতে ঘটনাস্থল অতিক্রম করে চট্টগ্রামের দিকে চলে যায়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


























