বগুড়ায় নতুন সার ডিলার নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নানা অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বঞ্চিত আবেদনকারীরা। সিটি করপোরেশন ও ১৩টি উপজেলায় ১৫৮টি পদের বিপরীতে মোট ১,২৬৬ জন আবেদন করলেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই আট শতাধিক আবেদনকারীকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বঞ্চিতদের দাবি, বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। বাদপড়াদের বড় একটি অংশ ব্যবসায়ী হলেও ডিলারশিপের জন্য রাজনৈতিক প্রভাবশালী ও সংসদ সদস্যদের সুপারিশের দৌড়ঝাঁপ চলছে। এমনকি উপজেলা পর্যায়ে অর্থের বিনিময়ে নির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেক আবেদনকারী। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ইউনিয়ন ও পৌর এলাকায় সার সংকট মোকাবিলার এই ডিলার নিয়োগে প্রতিটি আবেদন থেকে নিয়ম অনুযায়ী ফি ও জামানত নেওয়া হয়েছে।
সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই কমিটির সদস্য এবং বগুড়া সদর বিএনপি সভাপতি মাফথুন আহমেদ খান রুবেল জানান, এ বিষয়ে জেলা কার্যালয়ে একটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে যাচাই-বাছাই শেষে তিন সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে জেলা কমিটিতে পাঠানো হয়েছে।


























