ছোটবেলা থেকেই আমরা প্রায় সবাই মুরব্বিদের মুখে শুনে এসেছি যে আঙুল ফোটালে হাড় ক্ষয় হয়ে যায়। কেউ কেউ মনে করেন জয়েন্টে তরল কমে যাওয়ার কারণে এই শব্দ হয়, আবার অনেকের ধারণা বারবার আঙুল ফোটালে ভবিষ্যতে আর্থ্রাইটিস হতে পারে। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় এর আসল রহস্য অন্য কিছু।
আমাদের শরীরের প্রতিটি সচল জয়েন্ট একটি বিশেষ ক্যাপসুল দ্বারা আবৃত থাকে, যার ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড নামক পিচ্ছিল তরল থাকে। এই তরল জয়েন্টের নড়াচড়া সহজ করে এবং হাড়ের ঘর্ষণ কমায়। এই তরলের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। যখন আমরা আঙুল টেনে প্রসারিত করি, তখন জয়েন্টের ভেতরের চাপ হঠাৎ কমে যায় এবং দ্রবীভূত গ্যাস মুহূর্তের মধ্যে একটি ছোট বুদবুদ তৈরি করে। এই আকস্মিক বুদবুদ সৃষ্টির মুহূর্তেই ‘ফট’ বা ‘কট’ শব্দ শোনা যায়।
অনেকেই লক্ষ্য করেছেন যে একবার আঙুল ফোটানোর সঙ্গে সঙ্গে আবার শব্দ হয় না। এর কারণ হলো তৈরি হওয়া গ্যাসের বুদবুদটি পুনরায় সাইনোভিয়াল তরলে মিশে যেতে কিছুটা সময় নেয়, যার জন্য সাধারণত ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। চিকিৎসকদের মতে, এই স্বাভাবিক উপায়ে তৈরি হওয়া জয়েন্টের শব্দ সাধারণত কোনো বড় ক্ষতির কারণ হয় না, যদি না এর সঙ্গে তীব্র ব্যথা বা ফোলাভাব থাকে।


























