চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দুই সহযোগীকে সঙ্গে নিয়ে গ্রেপ্তার হয়েছেন কিশোর গ্যাং লিডার মো. মুরাদ। মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে স্থানীয় দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতা চালানোর পাশাপাশি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাকলিয়া থানা পুলিশের একটি বিশেষ দল রাতভর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মুরাদ (৪৩) এবং তার সহযোগী সুমন (৩৫) ও রুহুল আমিনকে আটক করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মুরাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানিয়েছেন, এই ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


























