রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এর মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপর একজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান জানান, গত কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর চলন্ত ট্রেন থেকে পাথর ছোড়ার ঘটনা ঘটছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন ছিল এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল। অবশেষে অভিযান চালিয়ে প্রথমে দুজনকে এবং পরবর্তীতে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়।
আটককৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র বা উসকানিমূলক ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখবে রেলওয়ে কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চলা এসব পাথর নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং স্টেশনের আশপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়।


























