যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিরেক্টর ফ্রাংক লুইস বার্টোলোমেজ কাস্তিলো। বৈঠকে বাংলাদেশে ফিফার বিশেষ আন্তর্জাতিক কর্মসূচি ‘ফুটবল ফর স্কুলস’ বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় জানানো হয়, আসন্ন ফিফা নারী বিশ্বকাপের মূল ভাবধারার সঙ্গে সংগতি রেখে এবং সরকারের অগ্রাধিকার বিবেচনা করে প্রকল্পের প্রথম ধাপে ‘নারী ও কন্যাসন্তানের প্রতি সহিংসতা প্রতিরোধ’ এবং ‘শিশু সুরক্ষা’ বিষয় দুটি যুক্ত করা হবে। পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন ও দুর্যোগ মোকাবেলার মতো বিষয়গুলোও এর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সাধারণ শিক্ষকরাও যেন সহজেই বিদ্যালয়ে শারীরিক শিক্ষার সেশনগুলো পরিচালনা করতে পারেন, সে জন্য সহজ কারিকুলাম প্রদান করা হবে।
এই প্রকল্পের পূর্ণাঙ্গ স্থানীয় মালিকানা থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে। কার্যক্রমটি সুচারুভাবে পরিচালনার জন্য বাফুফে একজন স্থানীয় প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করবে, যাকে ফিফা কারিগরি প্রশিক্ষণ ও নির্দেশনা দেবে। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে ফুটবলের পরিকাঠামো উন্নয়ন ও অর্থায়নে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ থেকে দুজন অভিজ্ঞ শিক্ষককে ‘মাস্টার ইনস্ট্রাক্টর’ হিসেবে তৈরি করা হবে, যারা পরবর্তীতে অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। আগামী জানুয়ারি মাসে শিক্ষকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই কর্মসূচির পাইলট পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে।

























