দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় কিশোর গ্যাংয়ের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দ্রুত তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরে পাঠানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ভার্চুয়ালি যুক্ত ছিলেন দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররা।
সভায় আইজিপি স্পষ্ট জানিয়ে দেন, মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে কোনো ধরনের দলীয় বা অন্য কোনো পরিচয় বিবেচনা করা যাবে না; অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা অপপ্রচার রোধে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়।


























