কিশোরগঞ্জের মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সার এবং দুটি ট্রলিসহ দুই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সার ডিলারসহ চারজনকে আসামি করে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাটখাল ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাটি ইউনিয়নের সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনের গুদাম থেকে ১১১ বস্তা ইউরিয়া সার অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।
অভিযান চলাকালীন সার পরিবহনে নিয়োজিত ট্রলির দুই চালক শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, সার পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই চালক এবং অভিযুক্ত দুই ডিলারকে আসামি করে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


























