পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপির একটি বিক্ষোভ মিছিলে ‘ছাত্রলীগের অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ওই মিছিলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে’ শীর্ষক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমখোলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল চলার একপর্যায়ে আকস্মিকভাবে ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন—যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়।
এ সময় মিছিলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিস্ময় দেখা দেয়। এই স্লোগানটি কেন এবং কীভাবে দেওয়া হলো, তা নিয়ে তাৎক্ষণিকভাবে নানা গুঞ্জন শুরু হয়।
এ বিষয়ে গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, ‘ভুলবশত হঠাৎ মুখ ফসকে আমাদের দলের নাম বলতে গিয়ে অন্য দলের নাম চলে এসেছে। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ভুল। এ জন্য আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’
আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী বলেন, ‘আমরা আমাদের দলীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিলাম। সেখানে অন্য দলের লোকজন আসার কোনো সুযোগ নেই। সম্ভবত ভুলবশত মুখ ফসকে এমনটি হয়ে থাকতে পারে।’
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ ঘটনাটিকে নিছক ভুল হিসেবে দেখছেন, আবার অনেকেই এ নিয়ে নানা প্রশ্ন তুলছেন এবং এর পেছনের কারণ জানতে চাইছেন।


























