রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলেন আবুল কালাম আজাদ (৬৫), মো. রাসেল (২০), মো. আতিকুল (২৫), মো. রাসেল পিয়াদা (২২) ও লিয়ন (২১)।
পুলিশ জানিয়েছে, গত শনিবার ভোর সাড়ে ৬টার দিকে খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে এবং প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে ক্ষতিসাধন করে।
এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তকালে আদাবর থানা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে আজ সোমবার আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ, মো. রাসেল, মো. আতিকুল, মো. রাসেল পিয়াদা ও লিয়নকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের মালিকানা সংক্রান্ত বিরোধ রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে চলমান আছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শ্যামলী হাউজিংয়ে হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে চাপাতি ও দেশীয় অস্ত্র হাতে মুখোশধারী সন্ত্রাসীদের হামলা করতে দেখা যায়।


























