ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছেও হেরেছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল।
টানা দুই হারে টুর্নামেন্ট থেকে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হলো। আগামী ১ অক্টোবর গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে খেলার প্রথম ১৫ মিনিট দারুণ নৈপুণ্য দেখায় বাংলাদেশ। এরপর খেলার নিয়ন্ত্রণ নিতে শুরু করে সিঙ্গাপুর। কুলিং ব্রেকের পর সফল হয় তারা। ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে গোল আদায় করে নেয় সিঙ্গাপুর। বাম দিক থেকে পাওয়া এক ক্রস থেকে হেডে গোল করেন সিঙ্গাপুরের স্টুয়াট। বাংলাদেশ গোলরক্ষক শ্রাবণের পক্ষে এ গোল ঠেকানো সম্ভব ছিল না, যদিও এর আগে তিনি একটি দারুণ সেভ করেছিলেন।
১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরও একটি সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। দুই মিনিট পর বাংলাদেশ গোলপোস্ট থেকে বল ফিরে না এলে ২-০ গোলে এগিয়ে যেতে পারতো সিঙ্গাপুর। প্রথমার্ধে বাংলাদেশ সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ এবং খেলার গতি বাড়ায়। ৬৪ মিনিটে শমিতের হেডে বল সিঙ্গাপুরের গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর আরও কিছু সুযোগ পেলেও গোল পায়নি বাংলাদেশ।
সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ কোচ থমাস ডুলি একাদশে চারটি পরিবর্তন আনেন। প্রথম একাদশে জায়গা পান অধিনায়ক জামাল ভূঁইয়া। এছাড়া শেখ মোরসালিন, জায়ান আহমেদ ও ইউসুফ জিদানও একাদশে ফেরেন।

























