রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. রেজাউল করিমকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জি মামলার তদন্তের স্বার্থে আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি সিএমএম আদালতের মালখানা শাখায় কর্মরত থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারের মাধ্যমে তিনি যুবসমাজকে বিপথগামী করছেন। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং মাদকের উৎস ও সহযোগীদের খুঁজে বের করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুরের একটি দোকানে অভিযান চালায়। এ সময় রেজাউল করিমকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের ১,৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫,৫০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।


























