বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনাল আইডিইএ-এর একটি প্রতিনিধি দল। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংস্থাটির প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল অ্যাডভাইজার পিটার ওলফ এবং কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আব্দুল আলীম।
বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
আলোচনায় জামায়াত গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরে। এর মধ্যে ছিল পোস্টাল ব্যালটের জটিলতা, ভেরিফিকেশনের সমস্যা এবং সার্ভার ডাউন থাকায় প্রবাসীদের নিবন্ধন করতে না পারার মতো বিষয়গুলো।
এছাড়াও, নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিছু গণমাধ্যমের একপেশে ভূমিকার বিষয়ে তাদের পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়। ভবিষ্যতে নির্বাচনগুলো যেন সম্পূর্ণ নিরপেক্ষ হয়, সেই বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেছে।


























