হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, যাত্রীদের ওঠানামা এবং চালকদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। এরই জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। অন্য একটি সূত্র জানায়, বাহুবল-রামপুর-ফয়জাবাদ রুটের টমটম চালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরোধও এই উত্তেজনার অন্যতম কারণ।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, পূর্ববিরোধের জেরে টমটম ও সিএনজি শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।


























