চট্টগ্রাম আদালত চত্বর থেকে এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে মাইক্রোবাসসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
গত রোববার দুপুরে আদালত ভবন এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজিয়া বেগম (২২) নামের ওই নারীকে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করা হয়। তার চিৎকারে আদালত চত্বরে উপস্থিত জনতা এগিয়ে আসে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে মাইক্রোবাসসহ অভিযুক্ত ছয়জনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানিয়েছেন, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে।


























