লিবিয়া থেকে ১৭৬ বাংলাদেশির প্রত্যাবাসন:
অবৈধ অভিবাসনের কশাঘাত লিবিয়ার মাটি ছেড়ে আজ আরও ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) এই নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালেই তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
উত্তর আফ্রিকার এই দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সাথে নিবিড় সমন্বয় রক্ষা করে চলেছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল সংখ্যক নাগরিককে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

প্রত্যাবাসনের প্রাক্কালে লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের একটি প্রতিনিধি দল। এ সময় বিদায় জানাতে গিয়ে রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের অন্ধকার দিকটি তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, অবৈধ পথে বিদেশ যাত্রা কেবল ব্যক্তির জন্য আর্থিক ও শারীরিক ক্ষতির কারণ হয় না, এটি পুরো পরিবার এবং সমাজকে দুর্ভোগের মুখে ঠেলে দেয়। একইসাথে এই ধরনের কর্মকাণ্ড বিদেশে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করে। তাই ভবিষ্যতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত।
অবৈধ অভিবাসনের ফাঁদে পড়ে ভিনদেশে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে অবশেষে এই ১৭৬ জন বাংলাদেশি নাগরিক আজ নতুন করে স্বদেশের মাটিতে পা রাখতে চলেছেন।















