ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই এলাকার কিসমত খাঁর ছেলে নীরব খাঁ (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, গভীর রাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন নামিম ও নীরব। পথিমধ্যে রামরাইল বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন তাদের সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























