রাজধানী ঢাকাজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে মাদক ও নানা অপরাধের অভিযোগে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় মোট ৩১টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, পরিচালিত এই অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১০৯ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে পুলিশ ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন এবং একটি ট্রাক জব্দ করেছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


























