দীর্ঘ সংগ্রাম ও জনগণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভোটের অধিকার নস্যাৎ করতে ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দু-একটি স্থানে বাসে আগুন দিয়ে কিংবা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশের সাধারণ মানুষকে আর ভয় দেখানো যাবে না। কোনো অবস্থাতেই বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেওয়া হবে না। বুধবার দুপুরে কিশোরগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তির উদ্দেশ্যে বলেন, দুটি বাস পুড়িয়ে বা অপপ্রচারের মাধ্যমে জনগণের মনোবল ভাঙা যাবে না। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে অতীতে যেভাবে ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করেছে, তেমনি তাদের অবশিষ্ট দোসরদেরও প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ সকল ধরনের ষড়যন্ত্র সফলভাবে মোকাবিলা করে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ আরও বেশি ঐক্যবদ্ধ এবং জনগণের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।
এর আগে শহরের রথখলা এলাকাধীন দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিশোরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।


























