এশিয়ান গেমস ক্রিকেটের জন্য গত ১০ দিন ধরে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। জাপানের আইচি নাগোয়ার যে পিচে খেলা হবে, সেই পিচ সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা না থাকায় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে।
গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, তারা মেয়েদের ম্যাচগুলোর ভিডিও দেখে পিচ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছেন।
দল নিয়ে নিজের আশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আশা করি সেখানে ভালো উইকেট হবে, সেভাবেই আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন। ভালো উইকেট হলে কীভাবে আমরা ২০০–এর বেশি রান করতে পারি এবং যদি খারাপ উইকেটও হয়, সেখানে কীভাবে ১৪০-১৬০ রান করে ম্যাচ জেতা যায়, সে লক্ষ্যেই আমরা কিছুদিন ধরে অনুশীলন করেছি।’
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্ট। বাংলাদেশ ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে তাদের গেমসের যাত্রা শুরু করবে। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে হংকং অথবা ওমান।
বাংলাদেশ দল ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে উড়াল দেবে।

























