গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালী গ্রামে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় একজনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোরা গ্রুপের প্রধান অ্যাডভোকেট গোরা জানান, নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মওলা খাঁ গ্রুপের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে ছোটদের কথাকাটাকাটির জেরে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়, যা পরবর্তীতে উভয় পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এতে তাদের পক্ষের ১৩ জন আহত হন।
এদিকে সংঘর্ষে প্রতিপক্ষের ৪ জন আহত হওয়ার কথা জানা গেলেও মওলা গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























