সরকারি দপ্তরগুলোতে শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিত করা গেলে দেশ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, সেবাগ্রহীতা ও কর্মকর্তাদের সরাসরি যোগাযোগই দুর্নীতির মূল ক্ষেত্র। উন্নত বিশ্বের মতো সব সেবা ডিজিটাল মাধ্যমে প্রদান করা গেলে নাগরিকদের আর সশরীরে অফিসে যেতে হবে না, যা একটি স্বচ্ছ সমাজ গঠনে সহায়ক হবে।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ডিগক্যাফ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরের অপশাসনের ফলে দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল। বর্তমান সরকার সেগুলো পুনর্গঠনে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কৃষক কার্ড, হেলথ কার্ড ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, কেবল ভূমি ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করা গেলে দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রায় ৯০ শতাংশ কমে আসবে। প্রশাসনের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে সততা ও দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সহকারী কমিশনার থেকে সচিব পর্যন্ত সব পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে।
সেমিনারে সভাপতির বক্তব্যে জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক প্রশাসন গড়ে তোলার মাধ্যমে সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর।


























