ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইসমাইল (৬) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া সংলগ্ন একটি খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি মার্কেটে যাওয়ার পর থেকে ইসমাইল নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে স্থানীয়রা খালে ভাসমান একটি বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে স্থানীয় যুবক রোকনের সঙ্গে ইসমাইলের বাবার বিরোধ চলছিল। নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন ইসমাইলের বাবাকে ‘সারাজীবন কাঁদবি’ বলে হুমকি দিয়েছিল। এই হুমকির পরদিনই শিশুটি নিখোঁজ হয়। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই ইসমাইলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রোকনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























