বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে রয়েছে। এর প্রভাবে আগামীকাল বুধবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ থেকেও এই সিস্টেমটির শক্তি বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২২ সেপ্টেম্বর সকালে সিস্টেমটি পশ্চিমমধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রায় ১৭ দশমিক ৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৬ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে অবস্থান করছিল এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এটি পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে শক্তিশালী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী ২৪ সেপ্টেম্বরও কয়েকটি বিভাগে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
২৫ ও ২৬ সেপ্টেম্বর বৃষ্টির প্রবণতা কিছুটা ছড়িয়ে পড়লেও তুলনামূলকভাবে এর তীব্রতা কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে এর পরের সময় থেকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে আসার কথা উল্লেখ করা হয়েছে।
বৃষ্টির প্রবণতা বৃদ্ধির কারণে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। সোমবার দেশের ২০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার তা রংপুর, দিনাজপুর ও নীলফামারী এলাকায় সীমিত ছিল। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


























