জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে একটি বোমাসদৃশ বস্তু ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে ফেলেছে এবং নিরাপত্তার স্বার্থে ওভারপাসটির সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামের এক ব্যক্তি ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় বস্তুটি দেখতে পান। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল রঙের টেপ পেঁচানো রয়েছে এবং এর সঙ্গে তারও দেখা গেছে। পাশাপাশি বস্তুটির ওপরে ‘সাবধান-বিপদজ্জনক’ লেখা আছে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ জায়গাটি ঘিরে রাখার পাশাপাশি ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে।
এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ফায়ার সার্ভিসও আছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’


























