মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়া মেয়ের জামাইয়ের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে শ্বশুরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে সিদ্দিকুর রহমান (৪৮) এর বসতঘরের পাশে তার জামাই রাসেল অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান। অটোরিকশার পাশ থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বাইরে বের হন। অন্ধকারের মধ্যে চোর সন্দেহে তারা রাসেলকে জাপটে ধরলে রাসেলের সঙ্গে শ্বশুর সিদ্দিকুর রহমানের প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে রাসেলের মারাত্মক আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর জখম হন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন অভিযুক্ত রাসেলকে ধরে ফেলে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আঘাত পেয়ে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে অভিযুক্ত রাসেল নিহতের আপন মেয়ের জামাই। বর্তমানে রাসেল পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


























