মাদারীপুরের রাজৈরে বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে রাফিয়া আক্তার (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম কালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী খান পরিবহনের একটি বাসের সঙ্গে মাদারীপুর থেকে টেকেরহাটগামী মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রযাত্রী রাফিয়ার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


























