প্রচলিত প্লাস্টিকের স্ট্রর বিকল্প হিসেবে কাগজের স্ট্র ব্যবহার করা হলেও তা সব ক্ষেত্রে পরিবেশবান্ধব নয় বলে দক্ষিণ কোরিয়ার এক গবেষণায় উঠে এসেছে। বর্জ্য ব্যবস্থাপনা ও উৎপাদনের জীবনচক্রে ক্যানসার সৃষ্টির সম্ভাব্য ঝুঁকির বিচারে কাগজের স্ট্রর প্রভাব সাধারণ প্লাস্টিকের চেয়েও বেশি পাওয়া গেছে। তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই ফলাফল পানীয় পানকারীদের সরাসরি ক্যানসারের ঝুঁকি নির্দেশ করে না।
দক্ষিণ কোরিয়ার জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই গবেষণার তথ্য প্রকাশ করেন পিপল পাওয়ার পার্টির আইনপ্রণেতা কিম উই-সাং। গবেষণায় প্লাস্টিক, কাগজ, পচনশীল প্লাস্টিক এবং বায়ো-পিই—এই চার ধরনের স্ট্রর তুলনা করা হয়। এতে দেখা যায়, প্লাস্টিকের চেয়ে কাগজের স্ট্রর ক্যানসারসংক্রান্ত প্রভাব ৬ দশমিক ৩৩ গুণ বেশি। অন্যদিকে বায়ো-পিইর ক্ষেত্রে তা ১৬ দশমিক ১৮ গুণ এবং পচনশীল প্লাস্টিকের ক্ষেত্রে ৩ দশমিক ৩৪ গুণ পর্যন্ত পাওয়া গেছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, ব্যবহৃত স্ট্রর সিংহভাগই পুড়িয়ে ফেলা বা নির্ধারিত স্থানে ফেলা হয়, যার কারণে বাছাই করে পুনর্ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় গবেষক ও বিশেষজ্ঞরা শুধুমাত্র প্লাস্টিকের স্ট্র নিষিদ্ধ না করে একবার ব্যবহারযোগ্য যেকোনো স্ট্রর সামগ্রিক ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছেন।


























