হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও তেলুগু চলচ্চিত্রের পরিচিত মুখ সোনারিকা ভদোরিয়া তাঁর শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ছোটবেলায় ঘটে যাওয়া যৌন হয়রানির স্মৃতি আজও তাঁকে মানসিকভাবে পীড়া দেয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে সোনারিকা জানান, মাত্র ১০-১১ বছর বয়সে তিনি মারাত্মক হয়রানির শিকার হন। পাতানো দাদাকে রাখি পরানোর পর পরিবারসহ এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তারা। সে সময় সেখানকার এক ম্যানেজার অন্ধকার জায়গার সুযোগ নিয়ে তাঁর শরীরে আপত্তিকরভাবে হাত দেন। সেই কম বয়সে ঘটনার আকস্মিকতায় চুপ হয়ে গিয়েছিলেন তিনি এবং কাউকেই কিছু বলতে পারেননি।
বয়স বাড়ার পর কৈশোরে পৌঁছে বিষয়টি প্রথম তাঁর মাকে জানান সোনারিকা। ঘটনার কথা শুনে তাঁর মা অত্যন্ত মর্মাহত হন। অভিনেত্রী জানান, সে সময়ের আতঙ্ক ও ভয়ের কারণে তিনি ঘটনাটি কাউকে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। জীবনের এই তিক্ত স্মৃতি এখনো তাঁকে তাড়া করে বেড়ায়।


























