ফুটবল বিশ্বে ফের দেখা মিলল এক রোমাঞ্চকর বন্ধুত্বের পুনর্মিলনীর। ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই যোগ দিয়েছেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু ফিলিপ কুতিনহো। পুরনো বন্ধুকে নিজেদের শিবিরে ভেড়াতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারকে।
৩৪ বছর বয়সী কুতিনহো গত ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ভাস্কো দা গামা ছাড়ার পর থেকেই ক্লাবহীন অবস্থায় ছিলেন। ভাস্কোর জার্সিতে ৮১টি ম্যাচ খেলার পর ক্লাব ছাড়েন তিনি। এবার নতুন উদ্যমে মাঠে নামতে বেছে নিলেন সান্তোস ক্লাবকে।
কুতিনহোর এই আগমন ঘিরে উচ্ছ্বাসের কমতি রাখেনি সান্তোস এফসি। ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নেইমার ও কুতিনহোর কিশোর বয়সের একটি পুরনো ছবির পাশাপাশি জিমনেসিয়ামে ঠিক একই ভঙ্গিমার বর্তমান একটি ছবি পোস্ট করে তারা। ড্রেসিংরুমে কুতিনহো প্রবেশ করার পর নেইমারের উষ্ণ কোলাকুলি এবং কুতিনহোর আবেগঘন মন্তব্য ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
গত বছর নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন একসঙ্গে খেললেও, এবারই প্রথম ক্লাব ফুটবলে এই দুই তারকাকে একই জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে।
ইন্টার মিলান ও লিভারপুলের পর রেকর্ড মূল্যে বার্সেলোনায় যোগ দেওয়া কুতিনহোর ক্যারিয়ারে রয়েছে নানা চড়াই-উতরাই। বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা ও আল-দুহাইলের পথ পেরিয়ে ব্রাজিলিয়ান এই তারকার নেইমারের সঙ্গে এই নতুন যাত্রা সান্তোস সমর্থকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।

























